নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই-২০২৬) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৫ কেজি ৫৯২ গ্রাম সোনা, ১৮ হাজার ১৫টি শাড়ি, ৯ হাজার ৫৫১টি তৈরি পোশাক, ১ লাখ ৮৯ হাজার ১৮টি কসমেটিকস সামগ্রী, ১৭ লাখ ৫৪ হাজার ৫৪৩টি আতশবাজি, ৭ হাজার ৪৬৪ ঘনফুট কাঠ, ১ লাখ ১ হাজার ৭৭৬ কেজি কয়লা, ৫২ হাজার ৭৩৬ কেজি জিরা, ১৮ হাজার ৭৯৮ কেজি চিনি, ১১ লাখ ৪১ হাজার ১৬৯টি চিংড়ি মাছের পোনা, ৫ লাখ ৯১ হাজার ৪১৯টি বিভিন্ন ধরনের ওষুধ এবং বিপুল পরিমাণ মোবাইল ফোন, যন্ত্রাংশ, যানবাহন ও অন্যান্য চোরাচালান পণ্য।
এছাড়া বিভিন্ন অভিযানে ৮টি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, ২টি মাইন, ৬টি গ্রেনেড এবং ৬টি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে জুন মাসে ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২টি ইয়াবা, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭১০ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১ লাখ ৮৪ হাজার ৬৩৩টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং ২৪ হাজার ২০১ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব পণ্য ও মাদক জব্দ করা হয়েছে।
একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশি, একজন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.