নিজস্ব প্রতিবেদক: মানবপাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে যশোরের বেনাপোলে অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র (হাফওয়ে হোম) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই-২০২৬) বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর অনুষ্ঠানের আয়োজন করে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)-এর কারিগরি সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাইটস যশোরের কর্মসূচি পরিচালক প্রদীপ দত্ত। পরে সংস্থাটির উপ-পরিচালক এস এম আজহারুল ইসলাম বেনাপোলের অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্রের কার্যক্রম এবং ভুক্তভোগীদের জন্য প্রদেয় বিভিন্ন সেবার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
প্রধান বক্তা হিসেবে ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাসনিম বিনতা করিম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি পাচারের শিকার নারী, পুরুষ ও শিশুদের নিরাপদ আশ্রয়, মানসিক সহায়তা, আইনি পরামর্শ, স্বাস্থ্যসেবা এবং সমাজে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নবপ্রতিষ্ঠিত এ আশ্রয়কেন্দ্র ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আয়োজকরা জানান, দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধে ইউএনওডিসি পরিচালিত তিন বছর মেয়াদি আঞ্চলিক প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত। এ সময়ে মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের অধিকার সুরক্ষা, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃদেশীয় সহযোগিতা জোরদার এবং পাচারকারীদের বিচারের আওতায় আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক, বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন, ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, বেনাপোল কোম্পানি সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মহসীন চৌধূরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.