খাগড়াছড়ি প্রতিনিধি ॥ জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে সরকারি বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগে আলোচিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীকে বদলি করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষাপটে তাকে মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়ন পরিষদে বদলির নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা আক্তার স্বাক্ষরিত ১ জুলাইয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, আগামী ৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তাকে অবমুক্ত (Relieved) হিসেবে গণ্য করা হবে।
একই আদেশে মাটিরাঙ্গা উপজেলার ৩ নম্বর বর্ণাল ইউনিয়ন পরিষদের সচিবকে ১ নম্বর তাইন্দং ইউনিয়ন পরিষদে এবং ৪ নম্বর গোমতী ইউনিয়ন পরিষদের সচিবকে ২ নম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ জুন "জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ" শিরোনামে এবং ২৮ জুন এ-সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে পৃথক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে জীবিত ব্যক্তিকে সরকারি নথিতে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার ঘটনাটি সবচেয়ে বেশি সমালোচিত হয়।
প্রশাসনের এই বদলির আদেশের মাধ্যমে অভিযোগের বিষয়ে একটি তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ দেখা গেলেও স্থানীয়দের দাবি, শুধু বদলি নয়—অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.