আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট মঙ্গলবার সন্ধ্যায় এক ভাষণে তার নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, অক্টোবরে ব্যর্থ এই সরকারের মেয়াদ শেষ হবে। আইজেনকোট প্রতিশ্রুতি দেন, তার নেতৃত্বাধীন সরকার জাতীয় নিরাপত্তা, বাধ্যতামূলক সামরিক সেবা এবং সরকারি শিক্ষা খাতে সাহসী সিদ্ধান্ত নেবে। পাশাপাশি (২০২৩ সালের) ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার ঘটনায় একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে।
এদিকে নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার তিনি দাবি করেন, নেতানিয়াহু নিজের সরকারই পরিচালনা করতে অক্ষম। এক সাক্ষাৎকারে বেনেট বলেন, কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গাভির, বেজালেল স্মোটরিচ এবং অতি-অর্থডক্স রাজনৈতিক গোষ্ঠীগুলো কার্যত প্রধানমন্ত্রীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, আমি শুরু থেকেই বেন-গাভিরকে আমার সরকারে জায়গা দিতাম না। বেনেটের ভাষ্য, নেতানিয়াহু এখন আর নিজের মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারেন না। কারণ তিনি সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক সমর্থনের ওপর নির্ভরশীল। তার দাবি, বর্তমান সরকারের কর্মকাণ্ড ইসরাইলের আন্তর্জাতিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সরকারের ভুল নীতির কারণে দেশটি ক্রমাগত নিজেরই ক্ষতি করছে, অথচ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য কার্যকর জনকূটনীতি পরিচালনা করা হচ্ছে না।
বেনেট আরও বলেন, গাজা, লেবানন এবং ইরানকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা সংঘাত ইসরাইলের দীর্ঘদিনের সামরিক নীতির পরিপন্থী। তার ভাষায়, যখন একটি যুদ্ধ এত দীর্ঘ সময় ধরে টেনে নেয়া হয়, তখন তা আমাদের অর্থনীতিকে দুর্বল করে। আমাদের রিজার্ভ সেনাদেরও ক্লান্ত করে ফেলে। তিনি দ্রুত ও নিবিড় সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার পক্ষে মত দেন।
নির্বাচনের আগে জনমত জরিপ
ইসরাইলের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী ২৭ অক্টোবর হওয়ার কথা। তবে দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতি-অর্থডক্স দলগুলোর সঙ্গে সম্ভাব্য সমঝোতা হলে ভোটের তারিখ এগিয়ে ২০ অক্টোবর করা হতে পারে। এদিকে মারিভ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৩৪ শতাংশ ইসরাইলি মনে করেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী গাদি আইজেনকোট। অন্যদিকে চ্যানেল ১২-এর এক জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে, আইজেনকোটের ইয়াশার পার্টি ১২০ সদস্যের নেসেটে ২২টি আসন পেতে পারে। সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৪টি আসন নিয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.