নিজস্ব প্রতিবেদকঃ চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২৪ লাখ ডলার।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৭ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।
এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এরও আগে এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.