নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিব। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে এনবিআরের সদস্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষায় (ট্যাক্সেশন ক্যাডার) প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে কর অঞ্চল-১৫ এর কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়েও কাজ করেছেন।
সর্বশেষ তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে একাধিক আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ে নেওয়া উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কর ফাঁকি শনাক্তে তথ্য প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারেও তার ভূমিকা উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করেন।
বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। কর প্রশাসনের আধুনিকায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.