নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহল দল ও বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫১টি ভারতীয় শাড়ি, ২২টি থ্রি-পিস, ৪টি শাল-চাদর এবং ৩৯৫টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।
বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
জব্দ করা চোরাচালানের পণ্য আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.