নরসিংদী প্রতিনিধিঃ প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই; তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআরের চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়।
তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই অর্থ দিয়ে দেশের মানুষের উন্নয়ন করা সম্ভব ছিল।
অনুষ্ঠান শেষে ড. মঈন খান শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে জিআরের চাল, ঢেউটিনের অনুদান এবং গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.