নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে যশোরের শার্শায় প্রতিবাদে শার্শা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন,২০২৬) বিকেলে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
সমাবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা মুকুল হোসেন বলেন, "দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এখনো পেছনের দরজা দিয়ে নানামুখী অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা জনমনে বিভ্রান্তি ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে। তবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শার্শার মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। জনতার শক্তিতে তাদের সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।"
বিক্ষোভ সমাবেশে তৃণমূলের নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানিয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ পিন্টু রহমান বলেন, "গণধিকৃত ও নিষিদ্ধ এই সংগঠনটি দেশের শান্তি-শৃঙ্খল বিনষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। রাজপথে থেকেই আমরা এই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেব।"
উপজেলা সদরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-দপ্তর বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সবুজ হোসেন, যুবদল নেতা বুলবুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লালটু হোসেন এবং জিয়াউর রহমান।
এছাড়াও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.