নিজস্ব প্রতিবেদক: টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে যশোরের শার্শায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কংগ্রেসে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সমরেশ বিশ্বাস, শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং পার্টনার ফিল্ড স্কুল অ্যান্ড কংগ্রেসের প্রধান কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা মাঠ পর্যায়ে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং উচ্চ ফলনশীল ফসলের জাত সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করছেন।
তারা আরও বলেন, কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ফলে উৎপাদন খরচ কমছে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্র আরও সুদৃঢ় হচ্ছে। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পাশাপাশি শার্শা অঞ্চলের কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কৃষি প্রযুক্তি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.