নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন,২০২৬) রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর যশোর কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শংকরপুর এলাকায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক মো. রাহাত হোসেন (৩০) যশোর শহরের কাজীপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
আটকের পর তার কাছ থেকে একটি দেশীয়ভাবে তৈরি চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত চারটি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, রাহাত হোসেন দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে যশোর শহর ও আশপাশের এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার (১৬ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.