নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় চারা রোপণ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন,২০২৬) দুপুর ১২টায় শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা অফিসার্স ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চত্বরে একটি বৃক্ষরোপণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে উপস্থিত সর্বস্তরের জনসাধারণের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা ও নাভারণ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশিদ।
বক্তারা বলেন, "জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ যুগান্তকারী। এই কর্মসূচি সফল করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.