নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘আমরা মিলেমিশে ভিসার সমাধান করব। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক। ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’
শুক্রবার (১২ জুন,২০২৬) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদীও সঙ্গে ছিলেন।
নবনিযুক্ত হাইকমিশনার বলেন, ‘আমাদের জনসংখ্যা ১৪০ কোটি। এর সঙ্গে বাংলাদেশের ২০ কোটি মানুষকে যুক্ত করলে দাঁড়ায় ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সবাইকে নিয়ে একসঙ্গে করতে চাই। আলাদাভাবে কিছু ভাবছি না। দেখছেন, আমি হেঁটে চলে আসছি। একই আকাশ, একই বাতাস—আমাদের মধ্যে বিভেদের সুযোগ নেই।’
বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের অগ্রাধিকারের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা। আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়, তাদের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গেও আমরা যুক্ত।’

বাংলাদেশে আগমনের সময় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসি দাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আরিফ মাহমুদ। তারা আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান।
এ ছাড়া বেনাপোল পোর্টের পরিচালক মো. শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগমনের পর ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দীনেশ ত্রিবেদী ঢাকার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিল দিল্লি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.