নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ইস্কাফ’ (ESkuf) সিরাপসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন,২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিটের সময় শার্শা থানার কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান পাচার হয়ে দেশের ভেতরে ঢুকছে—এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে।
খবর পেয়ে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আনিসুর রহমান ও এএসআই মোঃ জহুরুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি চৌকস টিম কাশিপুর এলাকায় বিশেষ অভিযানে নামে। অভিযান পরিচালনাকালে কাশিপুর বাজার পাড়া এলাকার মোঃ মাজিদ এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন দুই যুবককে গতিরোধ করে পুলিশ।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৩৮ বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে পুলিশ জব্দতালিকা মূলে আলামত উদ্ধার দেখিয়ে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলো— নড়াইল জেলার লোহাগড়া থানার দেবী (উত্তরপাড়া) গ্রামের মৃত শেখ জিল্লুর রহমান জিন্নাহর ছেলে শেখ তসলিম উদ্দীন (২৩) এবং যশোর কোতয়ালী থানার ধর্মতলা (শিশু আদ্ব-দ্বীন হাসপাতালের পাশে তিন খাম্বার মোড়) এলাকার মৃত জামাল বাহাদুরের ছেলে মোঃ সোহেল রানা (৩০)। সে বর্তমানে ওই এলাকার জাহিদের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স। ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.