নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন-২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ৭৮ বোতল ভারতীয় কফ সিরাপসহ বিভিন্ন চোরাচালান মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার যশোর ব্যাটালিয়নের আওতাধীন মাসিলা বিওপি এলাকায় মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৭৮ বোতল উইনসিরেক্স (WINCEREX) কফ সিরাপ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিনে ৪৯ বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫১টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিশমিশ, তিন কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ১৯৫টি বিভিন্ন ধরনের চকলেট এবং ১ হাজার ৫৯১টি ভারতীয় কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা।
আইনি প্রক্রিয়া শেষে এসব মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত অভিযানের ফলে নিয়মিতভাবে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তকে চোরাচালান ও মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.