নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩১ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চৌগাছা সীমান্তের আন্দুলিয়া বিওপি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে বেনাপোল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫২টি ভারতীয় তৈরি পোশাক এবং ১ হাজার ১০৫টি বিভিন্ন ধরনের চকলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও চোরাচালান পণ্যের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।
আটককৃত গাঁজা মাদক মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.