নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে (রোববার) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময় বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
রোববার (২৪ মে) সকালে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব মোঃ শামীম হোসেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের ব্যবসায়ী মহলকেও চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, এ সময় বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এজন্য ইমিগ্রেশনের সব ডেস্ক খোলা রাখা হয়েছে।
এদিকে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক পরিশোধের মাধ্যমে তাদের পণ্য খালাস নিতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন আরও জানান, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে বন্দরের সব কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে। তবে এ সময়ের মধ্যে কোনো ব্যবসায়ী পণ্য খালাস নিতে চাইলে বন্দরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সেবা দেওয়া হবে। এজন্য বন্দরের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। পাশাপাশি পাসপোর্টধারী যাত্রী চলাচলও যথারীতি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.