সাঈদ ইবনে হানিফ ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি এবং কাঁচা চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে যশোরের বাঘারপাড়া উপজেলায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) অনুষ্ঠিত এ কর্মশালায় ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আরফিন, বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিত কুমার মন্ডল, সাংবাদিক ইকবাল কবির এবং হুমায়ুন কবির।
কর্মশালায় বক্তারা বলেন, ঈদ্ উল আযহায় কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ এবং পরিবেশ দূষণ রোধে সচেতনতা জরুরি। পাশাপাশি কাঁচা চামড়ার গুণগত মান বজায় রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথভাবে চামড়া সংরক্ষণ করা হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের কোরবানির পশুর চামড়া সংরক্ষণের আধুনিক ও কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এছাড়া, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সহায়তার লক্ষ্যে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ উদ্যোগের ফলে চামড়ার অপচয় কমবে এবং সংরক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর হবে।
সংশ্লিষ্টদের মতে, এমন সচেতনতামূলক কর্মসূচি ঈদুল আযহাকে আরও স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.