রাজগঞ্জ প্রতিনিধি: নারকেল গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার দুপুরে আলমগীর খোজালীপুর গ্রামে একটি নারকেল গাছের মাথায় উঠে, পাশের আম গাছ থেকে পাড়ার জন্য। এ সময় আম পাড়ার জন্য তার হাতে থাকা বাঁশের কাঁচা লাঠিটি (আঁকশি) অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল (মেইন) সংযোগ লাইনের তারের ওপর পড়ে। কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে উচ্চমাত্রার বিদ্যুৎস্পর্শে তিনি গাছের মাথায় আটকে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা বিশেষ প্রক্রিয়ায় গাছের ওপর থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
এই মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো খোজালীপুর গ্রাম জুড়ে নেমে এসেছে চরম শোকের ছায়া। নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে এখন চলছে মাতম। মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জানান- বিদ্যুৎ লাইনের পাশে যেকোনো গাছে ওঠার সময় বা ফল পাড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। সামান্য অসচেতনতাই ঘটতে পারে এমন বড় দুর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.