নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘বি কোম্পানি’র সদস্য ও একাধিক মামলার আসামি মোঃ ইমন মোল্লা (২৯)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে-২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র সদস্য হিসেবে পরিচিত ইমন মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমন মোল্লা নগরীর হরিণটানা থানার রায়েরমহল ইসলামনগর রোড এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মাসুদ মোল্লা।
র্যাব জানায়, ইমনের অপরাধ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, খুনের উদ্যোগ, চুরি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.