খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ির আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২১ ভূষিত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরার একক রচিত গল্পগ্রন্থ “অরণ্যকথা” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) বিকাল ৩টায় জেলা সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই “অরণ্যকথা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাহিত্য আড্ডা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইসছড়ি কলেজের অধ্যক্ষ অভিধা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিপম চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কৃতি চাকমা, লেখক ও গবেষক অংসুই মারমা এবং রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্রজ্যোতি চাকমা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক, নাট্যশিল্পী, সংস্কৃতিকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পাহাড়ের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনবোধকে সাহিত্যের ভাষায় তুলে ধরতে মথুরা বিকাশ ত্রিপুরার লেখনী বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাঁর নতুন গল্পগ্রন্থ “অরণ্যকথা” পার্বত্য জনপদের জীবনচিত্র ও মানবিক অনুভূতির এক অনন্য সাহিত্য দলিল হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
“অরণ্যকথা” বই সম্পর্কে বক্তব্য
“অরণ্যকথা” শুধু একটি গল্পগ্রন্থ নয়, এটি পাহাড়ি জনপদের জীবন, সংগ্রাম, সংস্কৃতি ও প্রকৃতির গভীর অনুভূতির এক সাহিত্যিক প্রতিচ্ছবি। বইটির প্রতিটি গল্পে উঠে এসেছে অরণ্যের মানুষের হাসি-কান্না, ঐতিহ্য, ভালোবাসা ও অস্তিত্ব রক্ষার লড়াই। সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষায় লেখক পাঠকদের নিয়ে গেছেন পাহাড়ের নিভৃত জীবনের গভীরে। বইটি নতুন প্রজন্মকে পাহাড়ি সমাজ ও সংস্কৃতিকে জানার এক অনন্য সুযোগ করে দেবে। সাহিত্যপ্রেমীদের কাছে “অরণ্যকথা” হয়ে উঠতে পারে এক আবেগময় ও চিন্তার খোরাক জাগানো গল্পগ্রন্থটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.