খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের বালুমহাল এলাকায় অবৈধভাবে চেঙ্গী নদীর পাড়ের মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
অভিযানে মাটি পরিবহনরত একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। অভিযানের সময় চেঙ্গী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে মাটিভর্তি ট্রাক্টরটি আটক করা হয়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ট্রাক্টর মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ মাটি কাটা এবং পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.