নিজস্ব প্রতিবেদক: সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর।
চলতি ২০২৬ সালের বিভিন্ন অভিযানে প্রায় ৬২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ এবং ৯১ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর অঞ্চলের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে প্রতিদিন দিন-রাত মিলিয়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চলতি বছরে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ৬১ কোটি ৯৯ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে। এ সময় ২ দশমিক ৬১৯৬৪ কেজি স্বর্ণ, ১৫৫ দশমিক ৭৬ গ্রাম হিরা, ১০ দশমিক ৫ কেজি রৌপ্য, ৪২টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে ২০২৫ সালেও যশোর রিজিয়ন ব্যাপক সাফল্য অর্জন করে। ওই বছরে ৪২০ জনকে আটকসহ ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ৫৩ কেজি রৌপ্য, ২৭টি অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি ছিল উল্লেখযোগ্য।

চোরাচালান দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও সক্রিয় রয়েছে বিজিবি। ২০২৬ সালে এখন পর্যন্ত ২৩৬৯ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ৭৭১ পিস ইয়াবা ট্যাবলেট, সামান্য পরিমাণ হেরোইন এবং ৪১০০ বোতলের বেশি ফেন্সিডিলসহ প্রায় ২২ কোটি ২৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে পরিচালিত অভিযানে ৩০ হাজার ৮০০ বোতল মদ, ৩৭ কেজি হেরোইন, ১ লাখ ৬১ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪৯ হাজার বোতল ফেন্সিডিল এবং ২ হাজার কেজির বেশি গাঁজাসহ ১৯ কোটি ৫২ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.