ঝিকরগাছা (যশোর) পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের ওপর গতকাল সন্ত্রাসী হামলার জেরে আজ ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
জানা যায়, ফুলচাষী আব্দুর রহিম নিজ ফুলের ক্ষেতে কাজ করার সময় গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানিসারার ফুল মোড়ে গতকাল যারা আব্দুর রহিমকে আহত করেছিলো তাদের সঙ্গে আব্দুর রহিম এর গ্রামের লোকজন কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় পানিসারা গ্রামের সাজু ঢালী (৫৫), পিতা মৃত মোজাম্মেল ঢালী, আসাদুল ইসলাম (৪২), পিতা মৃত ওয়াম্মদ এবং রিদয় (২৫), পিতা আসাদুল ইসলাম মারাত্মক আহত হন। আসাদুল ও রিদয় পরস্পর পিতা ও পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, এসময় সংঘর্ষে পটুয়াপাড়া গ্রামের রবির পুত্র সাব্বির, জামালউদ্দিন এর পুত্র নাজমুল, গদখালি গ্রামের আবুল হোসেন এর পুত্র লিটন আহত হন। আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুর রহিমের ওপর হামলার ঘটনাটি এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরবর্তী সংঘর্ষের পেছনে ওই ঘটনারই প্রভাব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম বলেন, আজকের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। গতকালের ঘটনায় আহতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে। আপাততঃ পরিস্থিতি শান্ত আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.