নিজস্ব প্রতিবেদক: যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী মোছা. জেসমিন নাহার (৩০) গত (২৩ মার্চ ২০২৬) যশোর কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরের নিউমার্কেট শিশু হাসপাতাল এলাকা থেকে রিকশাযোগে বারান্দীপাড়া লিচুতলা পূজা মন্দিরের সামনে পৌঁছালে তিনি দেখতে পান, তার সঙ্গে থাকা গোলাপি রঙের ভ্যানিটি ব্যাগটি হারিয়ে গেছে।
হারানো ব্যাগে ৫ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কিছু নগদ টাকা এবং একটি বাংলালিংক সিম ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।
ঘটনার পর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এএসআই শেখ আব্দুল বাতেনকে দায়িত্ব দেন। পুলিশ সুপার যশোরের সার্বিক দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. নূর-উন-নবী ও এএসআই শেখ আব্দুল বাতেনের নেতৃত্বে একটি চৌকস দল গঠন করা হয়।
দলটি ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে কোতয়ালী থানাধীন সাতমাইল এলাকা থেকে হারানো স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) উদ্ধারকৃত স্বর্ণালংকার ও ব্যাগ আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে তুলে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন নাহার যশোর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.