নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৩৮৭ বোতল ভারতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সীমান্তের পুটখালী ও দৌলতপুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে এসব সিরাপ জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপি ও দৌলতপুর বিওপি। এতে পুটখালী বিওপি ১২০ বোতল ভারতীয় ‘ESKUF’ সিরাপ এবং দৌলতপুর বিওপি ২৬৭ বোতল ভারতীয় ‘WINCEREX’ সিরাপ আটক করে।
আটককৃত এসব মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে জব্দ করে আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান সামগ্রী পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.