সাঈদ ইবনে হানিফ : পবিত্র রমজানকে সামনে রেখে বাঘারপাড়ার হাট বাজার গুলোতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার গুলোতে নিয়মিত তদারকি শুরু করেছেন উপজেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌরসভার চৌরাস্তায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
সূত্রে জানা গেছে উপজেলা সদরের চৌরাস্তার ‘সাকিব স্টোর’, বাসস্ট্যান্ডের ‘দুলাল ফল ভান্ডার’ এবং বকুলতলার ‘রানা এন্টারপ্রাইজ’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা টাঙানো ছিল না। এ অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভবিষ্যতে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার শর্ত আরোপ করা হয়। অভিযান চলাকালে আদালতের পেশকার ও বাঘারপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সাংবাদিকদের জানান, “রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সচেতন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.