নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) প্রথম প্রহরে যশোরের শার্শা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.