নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ২২ বছর পর পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তিনি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তাকে এক নজর দেখতে মাঠের আশপাশে অবস্থান করছেন সাধারণ মানুষও।
দুপুরের আগেই মাঠের অর্ধেকের বেশি অংশ জনসমাগমে ভরে যায়। বিপুল সংখ্যক মানুষ মাঠের বাইরে ও আশপাশের সড়কে অবস্থান করছেন, অনেকেই ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল ও জনস্রোত মাঠের দিকে এগোতে দেখা গেছে।
বিপুল মানুষের চাপে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক, বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জনসভায় উপস্থিত মানুষের প্রত্যাশা নানা রকম। কেউ চান রাজশাহীর উন্নয়নের একটি স্পষ্ট রূপরেখা, কেউ চান সন্ত্রাসমুক্ত দেশ, আবার কারও চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতারা এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা।
এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। রাজশাহীর কর্মসূচি শেষ করে বিকেল সাড়ে ৩টায় তারেক রহমান নওগাঁর উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়ায়। রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। নওগাঁর জনসভায় জয়পুরহাট এবং বগুড়ার জনসভায় পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। এরপর দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনসভাগুলো থেকে তারেক রহমান এ অঞ্চলের মানুষের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.