নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যালট পেপার সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাতিত্ব এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে আজ নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করেছে।
রবিবার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নির্বাচনী সিদ্ধান্ত জোরপূর্বক পরিবর্তন করে এবং একটি বিশেষ ‘সেটআপ’ তৈরি করে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যৎ জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীলনকশা বাস্তবায়নের আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে কাজ করছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন ও স্থগিত করা হয়েছে।”
ছাত্রদল সভাপতির অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা নিয়মিতভাবে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। দাপ্তরিক কোনো কাজ না থাকলেও তারা সচিবালয় ও কমিশনে অবাধে বিচরণ করে প্রভাব বিস্তার করছেন।
তিনি আরও বলেন, “নিজস্ব সেটআপ ছাড়া তারা কোথাও নির্বাচন করতে ভয় পায়। জামাতপন্থি উপাচার্য, প্রক্টর এবং নিজস্ব ওএমআর মেশিন ছাড়া নির্বাচন সম্ভব নয়—শাবিপ্রবিতে টানা পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করাই তার প্রমাণ।”
এ সময় নির্বাচন কমিশনের সামনে তিনটি দাবি তুলে ধরে ছাত্রদল। দাবিগুলো হলো—
এক. পোস্টাল ব্যালট সংক্রান্ত কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত প্রত্যাহার, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।
দুই. বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা।
তিন. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন বাতিল, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.