নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল শাহজাদপুর ও শালকেনা বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ (নেশাজাতীয়), কীটনাশক, শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, উদ্ধারকৃত অন্যান্য চোরাচালান মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.