নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন–৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল, আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নেশাজাতীয় উইনসেরেক্স কাশির সিরাপ, শাড়ি, কম্বল, শাল–চাদর, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত এসব মাদক ও চোরাচালানি পণ্য আটক সম্ভব হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানি মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.