নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্তে এ অভিযান চালানো হয়।
বিশেষ সূত্রের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাড়ি, বিদেশি ঔষধ, কীটনাশক, পান মসলা ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র সীমান্তপথে দেশের অভ্যন্তরে অবৈধ পণ্য পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে আমরা চোরাচালান চক্রকে দমন করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে বিজিবি সবসময়ই সজাগ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে যথাযথভাবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.