নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা ও গোগা সীমান্তে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে।
বিজিবির সুত্রে জানা যায়, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কায়বা বিওপি এবং গোগা বিওপি’র সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কায়বা সীমান্ত থেকে ৯৮ বোতল এবং গোগা সীমান্ত থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, "আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।"
বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত ফেন্সিডিল ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে।
এছাড়া, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র। বিজিবির এ ধরনের অভিযান সীমান্তে অপরাধী চক্রের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ এবং মাদক পাচারের পথ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.