নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচপীরতলা, শালকোনা, শাহজাদপুর, বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) পরিচালিত অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের কীটনাশক, ঘাসের বীজ, ব্যালেন্ডার মেশিন ও কসমেটিক্স পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দফতরে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.