নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও মাসিলা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি’র বিশেষ টহলদল পৃথক অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ চোরাচালানকৃত মালামাল আটক করে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৪৬ হাজার ৩২০ টাকা।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির বিশেষ অভিযানে এ সব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্ত পথে মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্যের অপচেষ্টা চলছিল। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। যশোর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানি মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.