সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার জেলা বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন। খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জিয়াউর রহমান দেশের রাজনৈতিক শূন্যতা অনুভব করেছিলেন। আধিপত্যবাদকে প্রতিহত করার প্রয়াস থেকেই তিনি বিএনপি গঠন করেছিলেন। তার লক্ষ্য ছিল ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নেওয়া। বিশেষ করে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বৃক্ষরোপণ অপরিহার্য।” তিনি দলের সদস্যদের আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ সকল প্রয়াত নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, নেতা আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জারুল হক খোকন, নগর শাখার সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল ও সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার প্রথম দিনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়েছিল। সোমবার সকাল ১০টায় পার্টি অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে সংক্ষিপ্ত সমাবেশের পর টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.