নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনীতি হতে হবে জনগণের জন্য। তিনি বলেন, ‘পুরানো দুর্বৃত্তায়নের রাজনীতি এদেশে আর চলবে না। জনগণের রাজনীতি করতে হবে। জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে যশোর টাউন হল মাঠে গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মাঝে মতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সবার এক হওয়া জরুরি। সংস্কারের ক্ষেত্রে সব দলের মতের প্রতিফলন হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে না পৌঁছানো হতাশাজনক।’
তিনি আরও বলেন, ‘পুরানো ব্যবস্থার মাধ্যমে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব নয়। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র নিশ্চিত করতে হলে সব দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।’
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ.বি.এম আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.