নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যদের মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য—বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি মোবাইল ফোনসহ মো. রনি হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট-২০২৫) পুটখালী বিওপির একটি দল এ অভিযান চালায়। আটক রনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়ার বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ সফল অভিযান পরিচালিত হয়।
আটক ফেন্সিডিল ও অন্যান্য মালামালের সিজার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা। এগুলো ব্যাটালিয়নের সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে, যা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, "সীমান্তে যে কোনো ধরণের চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশকে মাদকমুক্ত রাখতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।"
উল্লেখ্য, সীমান্তবর্তী এ অঞ্চলে মাদক পাচার দীর্ঘদিন ধরেই বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি এসব অপরাধের সঙ্গে পরোক্ষভাবে জড়িত। তবে বিজিবি বলছে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.