নুরতাজ আলম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দরের পরিধি সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিশ্বব্যাংকের ভবিষ্যৎ প্রকল্পে এটিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।
শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন, কাস্টমস বিভাগ ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন আরও জানান, বন্দরটির পরিধি বাড়ানোর পাশাপাশি একটি লিংক রোড নির্মাণেরও প্রস্তাব রয়েছে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনবে। তিনি বলেন, “বন্দর এলাকার কিছু খাস জমি রয়েছে, পাশাপাশি কিছু ব্যক্তি মালিকানাধীন জমিও আছে। জেলা প্রশাসককে ইতোমধ্যে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের সহায়তায় অতীতে বেশ কয়েকটি বন্দর উন্নয়ন করা হয়েছে। তাই ভবিষ্যতে যদি সংস্থাটির কোনো প্রকল্প গ্রহণ করা হয়, তবে সোনামসজিদ বন্দর সম্প্রসারণের একটি সম্ভাবনাময় সুযোগ তৈরি হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.