নিজস্ব প্রতিবেদক: যশোরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ৩০ মে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া চক্রের সদস্যদের গ্রেফতার করা হয় ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও অন্যান্য আলামতের সূত্র ধরে।
জানা যায়, ওইদিন রাত ৩টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজসংলগ্ন খাজুরা-বারোবাজার সড়কের লাউখালী কাদারভাগাড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা একটি নীল-হলুদ রঙের FOTON মিনি ট্রাক, ২টি ধারালো গাছিদা, একটি কাটার, একটি লোহার পাইপ, একটি রড এবং ৬টি ফিতার দড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই জেলা গোয়েন্দা শাখা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় গত ২৫ জুলাই গভীর রাতে রাজবাড়ীর কালুখালী থানার মহেন্দ্রপুর গ্রাম থেকে শাহিন বিশ্বাস (৩২) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে ঢাকার সাভার এলাকা থেকে আরও দুই সহযোগী হামিদুল ইসলাম (২৯) ও আবুল কালাম (২৪) কে আটক করে ডিবি।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের আরও সদস্য ছিল।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী কালুখালী থানার মহেন্দ্রপুর থানার আলাউদ্দিন বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৩২) ও একই গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম (২৯) অপরজন হলেন ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার দখলপুর গ্রামের মোকসসেদ মন্ডলের ছেলে আবুল কালাম (২৪)।
ডিবি পুলিশ জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং বাকি পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.