স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। এতে প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, “ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেকনিক্যাল বিষয়গুলো যাচাই করে বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল ঘোষণা করা হবে।”
তিনি আরও জানান, ফল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ফলাফলের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
যেভাবে জানা যাবে ফলাফল
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবেন:
১. অনলাইনে:
কেন্দ্রীয় ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
২. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফলাফল যাচাই করে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. মোবাইল SMS:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC (স্পেস) বোর্ডের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) পরীক্ষার সাল পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের পরীক্ষার্থীর ক্ষেত্রে লিখতে হবে:
SSC DHA 123456 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফল প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন
আগে প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দিতেন। এবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ফল প্রকাশে যুক্ত থাকছেন না। প্রত্যেক শিক্ষা বোর্ড নিজ নিজ বোর্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবে। ঢাকায় সাংবাদিকদের সামনে ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।
পুনঃনিরীক্ষার আবেদন শুরু শুক্রবার ফল প্রকাশের পরদিন শুক্রবার (১১ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ জন্য শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আবেদন করতে হবে। প্রতি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
আবেদন করতে মোবাইলে লিখতে হবে:
RSC (স্পেস) বোর্ডের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয় কোড লিখতে হলে কমা দিয়ে আলাদা করতে হবে। যেমন: ১০১,১০২।
পরীক্ষার পরিসংখ্যান
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন।
ছাত্রী: ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন
ছাত্র: ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন
তবে প্রথম দিনেই ২৬ হাজার ৯২৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, টেনশন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মিশ্র অনুভূতি কাজ করবে। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতি শুরু করবে এবং স্বপ্নপূরণের পথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.