নিজস্ব প্রতিবেদক: সীমান্তে আবারও সফল অভিযান চালালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ জুন) দিনভর চলা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, যশোর বেনাপোলের ঘিবা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় বিদেশী মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রিপিস, বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিকস সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬৮ হাজার টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি যুগান্তরকে জানান, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করছে। এ অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে পরিচালিত হয়। বিজিবির টহল দল নিয়মিতভাবে এসব এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে।”
তিনি আরও বলেন, “আটককৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ায় মাদক চক্র ও চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজিবির এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.