নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিজিবির অভিযানে দুই মাদককারবারি আটক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল কর্তৃক বেনাপোল, আন্দুলিয়া, শাহজাদপুর, আমড়াখালী চেকপোস্টসহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ০২ জন আসামীসহ আটক করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা।
আটককৃত আসামীদের মধ্যে একজন হলেন মোঃ মিলন হোসেন (৪৫), যশোরের বেনাপোল পোর্ট থানার গাজীপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল লতিফের ছেলে। অপর আসামী মোঃ আমিনুর রহমান চৌগাছা থানার গয়ড়া গ্রামের মোঃ মঈনুদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, আসামী মিলন হোসেনকে বেনাপোল পোর্ট থানায় এবং আমিনুর রহমানকে চৌগাছা থানায় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে বিজিবি সফলভাবে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে।”
তিনি আরও জানান, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, আর মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.