নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে তান্ত্রিক পরিচয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলের মাধ্যমে নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত প্রতারকের নাম- মো. আব্দুস সবুর।
মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং থানার মোকাম এলাকায় অভিযান চালিয়ে সিআইডির একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।
তিনি জানান, গ্রেপ্তার আব্দুস সবুর এই প্রতারণার কাজের জন্য অন্তত সাতটি পেজ খুলেছেন। এসব পেজে তিনি ভারতীয় কামরূপ কামাখ্যার তান্ত্রিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে দাম্পত্য সমস্যা, প্রেমের জটিলতা, কঠিন রোগ থেকে মুক্তি এবং বিয়ে না হওয়ার সমাধানের বিজ্ঞাপন প্রচার করতেন। ভুক্তভোগীরা যখন তার সঙ্গে যোগাযোগ করতেন, তিনি প্রথমে বিনামূল্যে সাহায্যের আশ্বাস দিতেন, পরে ধাপে ধাপে বিভিন্ন কৌশলে অর্থ আদায় করতেন।
জসীম উদ্দিন খান বলেন, কেউ তার ফাঁদে পা দিলে প্রথমে ‘কাফনের কাপড়’, ‘চুল’ বা বিশেষ পণ্য কেনার নামে অর্থ দাবি করতেন। পরবর্তীতে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ‘পটাশিয়াম ও মিষ্টি’ নামক এক কৌশলে যুক্ত করতেন, যার ফলে ভিকটিমদের শরীরে ফোসকা পড়ে। এই ভয় ও আতঙ্ককে ব্যবহার করে প্রতারক ভুক্তভোগীদের বলত, “তুমি জিনের রোষে পড়েছো—এখন আরেকটা উচ্চতর সাধনা করতে হবে। এজন্য তোমার নগ্ন শরীরে বিশেষ তেল (পনি) মেখে আমার নির্দেশ অনুযায়ী ছবি বা ভিডিও পাঠাতে হবে।” ভয় পেয়ে কেউ নগ্ন ছবি বা ভিডিও পাঠালে শুরু হতো ব্ল্যাকমেইল। ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত। ভিকটিমরা মানসম্মান ও সামাজিক বিবেচনায় অনেকেই মুখ খুলতে সাহস করতেন না, বরং একপর্যায়ে আরও অর্থ দিতে বাধ্য হতেন।
অভিনব এই প্রতারণার মাধ্যমে এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে ১৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। এ মামলায় গতকাল রাতে কুমিল্লার বুড়িচং থানার মোকাম এলাকায় অভিযান চালিয়ে প্রতারককে গ্রেপ্তার করা হয়।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তান্ত্রিক বা আধ্যাত্মিক পরিচয়ে অপরিচিত কারও সঙ্গে সংযোগ স্থাপন থেকে বিরত থাকুন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.