আব্দুল্লাহ আল-মামুন : বাংলাদেশ সেনা বাহিনীর ভারত থেকে আমদানিকৃত ১০টি রেফ্রিজারেটেড মিল্কভ্যান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ মিল্ক ভ্যানগুলো ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে প্রবেশ করে।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। তারমধ্যে প্রথম চালানে ১০টি মিল্কভ্যান বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়। কয়েক দিনের মধ্যে বাকী ৩০টি মিল্ক ভ্যান প্রবেশ করবে।
ভারত থেকে আমদানিকৃত এ রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি এবং রপ্তানিকারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড। এ ১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউএস ডলার। পণ্য চালানটি বেনাপোল বন্দর থেকে ছাড় করণের কাজ করছেন এম আর লজেষ্টিক সিএন্ডএফ এজেন্ট।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এখানে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত এ পরিবহনগুলো খালাসে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।
এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনা বাহিনী ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিক্যাল আমদানি করেছিলো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.